শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ

জাতীয় ডেস্ক

জুলাই ২১, ২০২৬, ০৪:১৫ পিএম

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ছবি - সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শহীদ মাদ্রাসা শিক্ষার্থী ও আলেম সমাজের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে তরুণ আলেমদের সংগঠন ‘সাধারণ আলেম সমাজ’ (সাআস)। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ দশ মাসের নিরলস অনুসন্ধানে মোট ৮৫ জন মাদ্রাসা শিক্ষার্থী ও আলেমের আত্মত্যাগের তথ্য নিশ্চিত করা হয়েছে। 

এই শহীদদের স্মরণীয় করে রাখতে তাদের প্রতীকীভাবে ‘জুলাইয়ের আবাবিল’ হিসেবে অভিহিত করেছে সংগঠনটি।তদন্ত ও অনুসন্ধানের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে।সংগঠনটির মুখপাত্র রিদওয়ান হাসান গণমাধ্যমকে জানান, এর আগে মাদ্রাসা শিক্ষার্থীদের শাহাদাত নিয়ে বিভিন্ন অসম্পূর্ণ তালিকা প্রকাশিত হলেও সেগুলোর যথার্থতা নিয়ে নানা প্রশ্ন ছিল। 

সাম্প্রতিক সময়ে একটি জাতীয় দৈনিকে ২৬ জন শহীদের কথা বলা হলেও, তাদের দীর্ঘ অনুসন্ধান ও শহীদ পরিবারের প্রত্যক্ষ সাক্ষাৎকার এবং সরকারি গেজেটের তথ্যের ভিত্তিতে প্রকৃত সংখ্যা ৮৫ জন বলে নিশ্চিত করা হয়েছে। আন্দোলনের পুরো সময়ে কেবল ১৯ জুলাই তারিখে ২৩ জন মাদ্রাসা শিক্ষার্থী শহীদ হয়েছিলেন বলে জানানো হয়, যা এই অভ্যুত্থানে সবচেয়ে রক্তক্ষয়ী দিন ছিল।

শহীদদের জীবন ও আত্মত্যাগের প্রামাণ্য দলিল হিসেবে ‘জুলাইয়ের আবাবিল’ নামের একটি গবেষণাধর্মী বইও প্রকাশ করা হয়েছে। সংগঠনটির সাধারণ সম্পাদক আকিফ আব্দুল্লাহর লেখা এবং রিদওয়ান হাসানের সম্পাদনায় প্রকাশিত এই বইটিতে ৮৫ জন শহীদের জীবনবৃত্তান্ত ও শাহাদাতের বিবরণ তুলে ধরা হয়েছে। কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়, বরং জুলাইয়ের এই ইতিহাসকে সমগ্র বাংলাদেশের সাধারণ মানুষের ইতিহাস হিসেবে যথাযথ মর্যাদায় সংরক্ষণের দাবি জানিয়েছে সংগঠনটি।