জুলাই ২৪, ২০২৬, ০৪:৪৩ পিএম
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। শুক্রবার বিকেলে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।সাংবিধানিক নিয়ম অনুযায়ী স্পিকারের কাছে এই পদত্যাগপত্র পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তা কার্যকর হয়েছে।গত সপ্তাহের শেষ দিকে তিনি পদত্যাগের এই সিদ্ধান্ত নেন বলে বঙ্গভবন সূত্র জানিয়েছে। কিন্তু স্পিকার দেশে না থাকায় তখন তা জমা দেওয়া সম্ভব হয়নি। সাম্প্রতিক সময়ে তার পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল।
নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ পদের দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ সাহাবুদ্দিন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে নির্বাচিত হয়েছিলেন। তার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের এপ্রিলে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পূর্ণ বদলে যায়। এর পর থেকে বিভিন্ন মহলে তার পদত্যাগের দাবি ওঠে। তবে অন্তর্বর্তী সরকার গঠনের গুরুত্বপূর্ণ কয়েকটি পর্যায়ে তিনি দায়িত্ব পালন করেন।
রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ সালে পাবনার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে তিনি মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন