জুলাই ২৬, ২০২৬, ০১:০০ পিএম
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর রোববার (২৬ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে নিজের প্রথম কর্মদিবস পালন শুরু করেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী তাঁর প্রথম রাষ্ট্রীয় কর্মসূচির সূচনা ঘটে।ঢাকার শেরেবাংলা নগরে একাধিক শ্রদ্ধানিবেদন কর্মসূচিতে অংশ নেন তিনি।
সাভারের স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর শেরেবাংলা নগরে যান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সেখানে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
আনুষ্ঠানিক সব কর্মসূচি শেষ করে বঙ্গভবনে ফিরে যান হাফিজ উদ্দিন আহমদ এবং সেখানে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা শুরু করেন। একই দিনে বঙ্গভবন ছেড়ে গুলশানের নিজ বাসভবনে উঠেছেন বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন