বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

ইউএনওপিএস প্রতিনিধিদলের সাথে ভারপ্রাপ্ত স্পিকারের বৈঠক

জাতীয় ডেস্ক

জুলাই ২৬, ২০২৬, ০৬:৫৯ পিএম

ইউএনওপিএস প্রতিনিধিদলের সাথে ভারপ্রাপ্ত স্পিকারের বৈঠক

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল (সংসদ সদস্য)-এর সাথে জাতিসংঘের প্রকল্প সেবা কার্যালয়ের (ইউএনওপিএস) এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। রোববার (২৬ জুলাই) জাতীয় সংসদ ভবনে ইউএনওপিএস বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরনের নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আগামী ৮ আগস্ট ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত ‍‍`এসডিজি স্থানীয়করণ বিষয়ক জাতীয় প্রচার অনুষ্ঠান‍‍`-এ ভারপ্রাপ্ত স্পিকারকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়।

ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল আমন্ত্রণটি সাদরে গ্রহণ করেন এবং আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাক্ষাৎকালে দেশের সামগ্রিক নারী উন্নয়ন ও রাজনৈতিক ক্ষমতায়নের অগ্রগতি তুলে ধরে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদান স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং নারীদের সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নের সুদৃঢ় ভিত্তি স্থাপন করেছিলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

ভারপ্রাপ্ত স্পিকার আরও বলেন, সেই সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে সমতাভিত্তিক সুশাসন ও কার্যকর নেতৃত্ব গঠনে নানামুখী পদক্ষেপ নিচ্ছেন। এসব সময়োপযোগী উদ্যোগ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের বৈশ্বিক কাঠামোর সাথে সংগতিপূর্ণ বলে প্রতিনিধিদলকে অবহিত করা হয়।প্রতিনিধিদলের অন্য সদস্যরা বাংলাদেশের এই সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন যাত্রায় জাতিসংঘের সহযোগিতামূলক বিভিন্ন উন্নয়ন প্রকল্প অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।