সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬,

ওসমানী বিমানবন্দরে আট বছর পর বিদেশি ফ্লাইটের চলাচল শুরু

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২৬, ১১:৫১ পিএম

ওসমানী বিমানবন্দরে আট বছর পর বিদেশি ফ্লাইটের চলাচল শুরু

ছবি : সংগৃহীত

দীর্ঘ আট বছর বিরতির পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পুনরায় কোনো বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকালে ওমানের বাজেট এয়ারলাইন্স সালাম এয়ারের একটি বিশেষ ফ্লাইট মাস্কাট থেকে একশো তেত্রিশ জন যাত্রী নিয়ে নিরাপদে এই বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে আনুষ্ঠানিকতা শেষে বিমানটি দুইশো চব্বিশ জন যাত্রী নিয়ে পুনরায় মাস্কাটের উদ্দেশ্যে সিলেট ছেড়ে যায়।

ওসমানী বিমানবন্দরে বিদেশি ফ্লাইটের চলাচল শুরু। এর আগে ২০১৫ সালে বিদেশি ফ্লাইট চালু হলেও ২০১৮ সালের সেপ্টেম্বরে তা বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে আন্তর্জাতিক বিমানবন্দর হওয়া সত্ত্বেও এতদিন বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটের ক্ষেত্রে একটি বড় শূন্যতা বিরাজ করছিল। সালাম এয়ারের এই ফ্লাইট চালুর মাধ্যমে সেই দীর্ঘ শূন্যতার অবসান ঘটল এবং মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ গন্তব্যে সরাসরি যাতায়াতের পথ সুগম হলো।

উদ্বোধনী ফ্লাইট উপলক্ষে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে আয়োজিত কেক কাটা ও আলোচনা সভায় ওমানের ডেপুটি অ্যাম্বাসেডর ফাতেহা আহমেদ আল বালুশী, সালাম এয়ারের চিফ কমার্শিয়াল অফিসার স্টিভেন এলেন, ব্যবস্থাপনা পরিচালক এমএ লতিফ শাহরিয়ার জাহিদী এবং সিলেট বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমেদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এয়ারলাইনটির পরিকল্পনা অনুযায়ী, শুরুতে মাস্কাট-সিলেট রুটে সপ্তাহে তিন দিন ফ্লাইট পরিচালিত হলেও আগামী মাসে তা বাড়িয়ে সপ্তাহে পাঁচ দিন করা হবে। এছাড়া ২০২৭ সালের জানুয়ারি থেকে প্রতিদিন অর্থাৎ সপ্তাহের সাত দিনই ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা জানান, সালাম এয়ারের পর চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও কয়েকটি বিদেশি এয়ারলাইন্সও সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করতে পারে।