রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে পালিয়ে যাননি, অস্ত্র হাতে যুদ্ধ করেছেন: ডা. জাহিদ

মো: মামুনুর রশিদ

নভেম্বর ১৩, ২০২৫, ০৬:০৯ পিএম

জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে পালিয়ে যাননি, অস্ত্র হাতে যুদ্ধ করেছেন: ডা. জাহিদ

ছবি-দিনাজপুর টিভি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, স্বাধীনতা যুদ্ধের সময় অনেকে আত্মসমর্পণ করেছেন বা সীমান্ত অতিক্রম করে পালিয়েছেন, কিন্তু মেজর জিয়াউর রহমান পালিয়ে যাননি। তিনি সেই সময় স্বাধীনতার ঘোষণা দেন।

আমরা নিজের কানে শুনেছি। মেজর জিয়া ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, তিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন।আজ বৃহস্পতিবার দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে।

দিনাজপুর সদর-০৩ আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে সাংবাদিক ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ডাঃ জাহিদ হোসেন বলেন, "৩রা নভেম্বর জিয়াউর রহমানকে সপরিবারে গৃহবন্দী করা হয়। ৭ নভেম্বর বিপ্লব দিবসে সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে তিনি বন্দী জীবন থেকে বের হয়ে আসেন এবং দেশ পরিচালনার দায়িত্ব নেন। ধীরে ধীরে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন এবং অবস্থান তৈরি করে তিনি দেশকে উন্নতির দিকে নিয়ে যান।বহুদলীয় গণতন্ত্র ও অর্থনীতিতে বিএনপির অবদান সংস্কার নিয়ে কথা বলতে গিয়ে ডাঃ জাহিদ বলেন, জিয়াউর রহমান দায়িত্ব নেওয়ার পর একদলীয় শাসন ব্যবস্থার পরিবর্তন করে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন।

তিনি আরও দাবি করেন, বাংলাদেশের অর্থনীতির তিনটি মূল চালিকা শক্তির প্রবক্তা হলো বিএনপি।তিনি জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, "দেশকে এগিয়ে নিতে গেলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—এই ভাগে চলবেনা। জিয়াউর রহমান সবাইকে ঐক্যবদ্ধ করে একটি পরিচয় দেন, আর তা হলো 'বাংলাদেশী'। বাংলাদেশী জাতীয়তাবাদ এই দর্শনকে স্বৈরাচার মুছে ফেলতে পারেনি।"

ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় সুযোগ পেলে বিএনপি মানুষের পাশে থাকবে জানিয়ে স্থায়ী কমিটির এই সদস্য বলেন, "আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বিএনপি মানুষের ভালোবাসায় আস্থা অর্জনের মাধ্যমে আগামী দিনে দেশের সেবা করার সুযোগ পেলে, আমরা আপনাদেরকে ছেড়ে পালিয়ে যাব না। আপনাদের পাশে থাকব এবং আপনাদের সমস্যার সমাধানে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখব।"

দিনাজপুর সদর-০৩ আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেশের সর্বোচ্চ ভোটে জয়লাভের জন্য সকলের কাছে ভোট এবং সহযোগিতা চান ডাঃ জাহিদ।স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সাংবাদিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি জানান, দিনাজপুর সদর-০৩ আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্বাচনী মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ এজেডএম জাহিদ হোসেনকে।