নভেম্বর ১৯, ২০২৫, ০৭:৫২ পিএম
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মনজুরুল ইসলাম মঞ্জু’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দলটির নেতাকর্মীরা।
একই সঙ্গে প্রার্থীর সুনাম ক্ষুণ্ণকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি ও বহিষ্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জোর দাবি জানিয়েছেন তারা।
আজ বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় বীরগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও দিনাজপুর জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. রেজওয়ানুল ইসলাম রিজু।
মো. রেজওয়ানুল ইসলাম রিজু বলেন, দলীয় মনোনয়ন ঘোষণার পূর্বে বীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী মো. জাকির হোসেন ধলু বিভিন্ন স্থানে বক্তব্যে বলেছিলেন, "ধানের শীষ প্রতীক বরাদ্দ যেই পাক আমি তার সঙ্গেই দলের হয়ে কাজ করব।" কিন্তু দলীয় হাই কমান্ড মো. মনজুরুল ইসলাম মঞ্জুকে প্রার্থী হিসেবে মনোনীত ঘোষণার পর জাকির হোসেন ধলু ও তার সমর্থক গোষ্ঠীরা অপপ্রচার চালিয়ে বিতর্ক সৃষ্টি করছেন।
তিনি অভিযোগ করেন, জাকির হোসেন ধলু মনোনীত প্রার্থীকে হেয় প্রতিপন্ন করে এবং দলীয় হাই কমান্ডের নির্দেশকে বিভ্রান্তমূলক বলে জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছেন। তারা বিভিন্ন হাট-বাজারে মশাল মিছিল করে আতঙ্ক ছড়াচ্ছেন। রিজু আরও অভিযোগ করেন, গত ১৭ নভেম্বর তারা ভুয়া, ভিত্তিহীন ও ব্যক্তি আক্রোশমূলক তথ্য দিয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিএনপি'র সুনাম ক্ষুণ্ণ করে ধানের শীষ প্রতীকের ঘোষিত প্রার্থীকে হারিয়ে প্রতিপক্ষ জামায়াত প্রার্থীকে জিতানোর চেষ্টায় লিপ্ত রয়েছে।
বক্তারা বলেন, মো. মনজুরুল ইসলাম মঞ্জু ২০০৯ সালে বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে দলের নেতাকর্মীদের বিপদে-আপদে পাশে রয়েছেন এবং সকল আন্দোলন সংগ্রামে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন। তার ব্যক্তিগত অর্থায়নে ৩০০ টি দুস্থ পরিবারের জন্য থাকার ঘর নির্মাণ, বন্যায় ত্রাণসামগ্রী এবং করোনাকালীন অনুদান দেওয়াসহ নানা সামাজিক কাজের বিবরণ তুলে ধরেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ দাবি করেন, মো. মনজুরুল ইসলাম মঞ্জু ছাড়া বীরগঞ্জ-কাহারোলে প্রতিপক্ষকে পরাজিত করার মতো যোগ্য কোনো প্রার্থী নেই। তারা নিশ্চিত, মনজুরুল ইসলাম মঞ্জু’র মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে প্রথমবারের মতো এই আসনটি উপহার দিতে পারবেন।পাশাপাশি দলীয় প্রার্থী ও বিএনপির সুনাম ক্ষুণ্ণকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি ও বহিষ্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক শামীম ইসলাম, জেলা সদস্য ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম মাজু, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর আহম্মেদ চৌধুরী সহ দুই উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন