নভেম্বর ২১, ২০২৫, ০৩:৩১ পিএম
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (২১ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান।
তিনি বলেন, ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস, যা জাতির ইতিহাসে এক গৌরবময় দিন। তিনি মহান স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে আমাদের অকুতোভয় সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে একযোগে ঝাঁপিয়ে পড়ে পাল্টা আক্রমণ শুরু করেছিলেন।
দেশের মুক্তিবাহিনী, বিভিন্ন আধাসামরিক বাহিনীর সদস্য ও দেশপ্রেমিক জনতা এই সম্মিলিত আক্রমণে অংশ নেন, যার ফলস্বরূপ ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এরই ধারাবাহিকতায় প্রতি বছর ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধে আমাদের অগ্রযাত্রা ও বিজয়ের স্মারক হিসেবে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, নিরাপত্তা ও শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ ও দায়িত্বশীল ভূমিকা জাতির ইতিহাসে গৌরবের সঙ্গে স্মরণীয় হয়ে রয়েছে এবং তিনি আশা করেন ভবিষ্যতেও এই ভূমিকা অব্যাহত থাকবে।
এছাড়াও তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমর্যাদা উজ্জ্বল করার ভূমিকার প্রশংসা করেন। মিয়া গোলাম পরওয়ার দৃঢ়তার সঙ্গে বলেন, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত। তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী জলোচ্ছ্বাস, বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাক মোকাবিলায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বেসামরিক প্রশাসনকে বলিষ্ঠভাবে সহায়তা করে জাতির আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, সশস্ত্র বাহিনী সর্বাবস্থায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক জনতার সঙ্গে একত্রে কাজ করে যাবে। পরিশেষে তিনি ন্যায়, সত্য ও মানবিকতার ভিত্তিতে গড়ে ওঠা শক্তিশালী একটি সশস্ত্র বাহিনীই জাতিকে নিরাপদ ও স্থিতিশীল ভবিষ্যৎ উপহার দিতে পারে বলে বিশ্বাস ব্যক্ত করেন এবং আল্লাহর কাছে দেশ ও জনগণের সেবায় সশস্ত্র বাহিনীর আরও শক্তি, প্রজ্ঞা ও সাফল্য কামনা করে দোয়া করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন