ডিসেম্বর ১০, ২০২৫, ১১:২৪ পিএম
গত ৫ আগস্ট শেখ হাসিনার জানাজা সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। বুধবার বিকেলে ময়মনসিংহের ভালুকা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ২০২৪ সালের ১৪ জুন দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চারিত হয়েছিল— তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার।
সেই দিনই ক্ষমতালোভী শেখ হাসিনার রাজনৈতিক জীবনের কফিনে শেষ পেরেক ঠুকে গিয়েছিল। বাকি ছিল শুধু জানাজা, যা হয়েছে ৫ আগস্ট। আল্লামা মামুনুল হক তার এই বক্তব্যের মাধ্যমে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনকে চূড়ান্ত বিজয় হিসেবে তুলে ধরেন।
মামুনুল হক তার বক্তব্যে আরও বলেন, পশ্চিম পাকিস্তানের শাসনামলে দীর্ঘদিন ধরে বাঙালির ওপর বৈষম্য ও নির্যাতন চালানো হয়েছিল। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলার মানুষ সেই শোষকদের বিদায় দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল। কিন্তু তার আক্ষেপ, ষড়যন্ত্রের কারণে সেই বিজয়ের সুফল পুরোপুরি ঘরে তোলা সম্ভব হয়নি।
গণসমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা শাখার সভাপতি মুফতি আতিকুল ইসলাম শেখ। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা সাধারণ সম্পাদক ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফেজ মুহাম্মদ মামুনুর রশীদ খান। আল্লামা মামুনুল হকের এই বক্তব্য দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আলোচনা তৈরি করল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন