রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

যে দিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২৫, ০৯:১৫ পিএম

যে দিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর এক ব্যস্ত কর্মসূচির মধ্য দিয়ে মাঠ পর্যায়ের কার্যক্রম শুরু করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে বিশেষ গুরুত্ব পাচ্ছে জুলাই অভ্যুত্থানের বীর সেনানি ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত।

শনিবারের কর্মসূচি ও হাদির কবর জিয়ারত বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, আগামী শনিবার (২৭ ডিসেম্বর) তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন।

সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি ইন্তেকাল করা ওসমান হাদি জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং তারেক রহমান তাঁর ভাষণেও হাদির রক্তের ঋণ শোধ করার অঙ্গীকার করেছেন।

শনিবারের অন্যান্য কর্মসূচি ১. ভোটার নিবন্ধন: শনিবার সকালে আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্যে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে যাবেন তারেক রহমান। ২. পঙ্গু হাসপাতাল সফর ঢাবিতে জিয়ারত শেষে তিনি শ্যামলীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) যাবেন। সেখানে জুলাই অভ্যুত্থানে চিকিৎসাধীন আহতদের শয্যাপাশে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেবেন।শুক্রবার শুরু হচ্ছে সফর বিশ্রাম শেষে আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর প্রথম কর্মসূচি শুরু করবেন তারেক রহমান।

এদিন তিনি শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন এবং এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে লন্ডন থেকে দেশে ফেরার পর তারেক রহমান ৩০০ ফিটে বিশাল জনসমুদ্রে ভাষণ দেন এবং সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে গিয়ে তাঁর অসুস্থ মা বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেন। বর্তমানে তিনি গুলশানের বাসভবনে অবস্থান করছেন।