জানুয়ারি ৭, ২০২৬, ০৭:০১ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। বুধবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রয়াত দুই নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।এ সময় আবুল হোসেন খান বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দূরদর্শিতা ও আপসহীন নেতৃত্বের স্মৃতিচারণ করে বলেন, "বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক।
তিনি সাধারণ এক গৃহিণী থেকে দেশপ্রেমিক রাষ্ট্রনায়কে পরিণত হয়েছিলেন এবং দেশের মানুষকে একই পতাকার নিচে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছিলেন।
কঠোর নিপীড়ন ও বাধার মুখেও তিনি কখনো আপস করেননি, যা সারাবিশ্বের গণতন্ত্রকামী মানুষের জন্য এক অনন্য দৃষ্টান্ত।" তিনি আরও যোগ করেন যে, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং শিক্ষার উন্নয়নে বেগম জিয়ার অবদান এ দেশের মানুষ আজীবন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
শ্রদ্ধা নিবেদনকালে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের সঙ্গে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হারুন অর রশিদ শিকদার, প্রকৌশলী এ কে এম আসাদুজ্জামান খান চুন্নু, অ্যাডভোকেট কামরুজ্জামান নান্নু এবং প্রিন্সিপাল মশিউর রহমান মাসুদসহ বরিশাল-৬ আসনের বিভিন্ন স্তরের নেতাকর্মী। এছাড়া স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকাস্থ বাকেরগঞ্জের সর্বস্তরের জনগণ এই দোয়া ও শ্রদ্ধা নিবেদনে অংশ নেন। উপস্থিত নেতাকর্মীরা প্রিয় নেত্রীর আদর্শকে বুকে নিয়ে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলন বেগবান করার শপথ গ্রহণ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন