ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৮:০৬ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির শীর্ষ নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছে প্রতিবেশী দেশ নেপাল। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি এক শুভেচ্ছা বার্তায় তারেক রহমানকে এই অভিনন্দন জানান। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এবং ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই বার্তাটি শেয়ার করেন।
এতে বাংলাদেশের নতুন রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কারকি তার অভিনন্দন বার্তায় লিখেছেন যে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অসাধারণ জয়ের পথে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই।
একই সঙ্গে তিনি বাংলাদেশের জনগণের প্রতিও শুভেচ্ছা জানিয়েছেন যারা একটি সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন করেছেন। তিনি তার বার্তায় উল্লেখ করেন যে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই দেশ হিসেবে বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে তিনি উন্মুখ হয়ে আছেন।
কূটনৈতিক এই বার্তাটির গুরুত্ব অনেক বেশি কারণ দীর্ঘ সময় পর বিএনপি ক্ষমতায় আসায় আন্তর্জাতিক মহলের দৃষ্টিভঙ্গি কী হবে তা নিয়ে নানা আলোচনা ছিল। নেপালের প্রধানমন্ত্রীর এই প্রকাশ্য অভিনন্দন দুই দেশের পারস্পরিক স্বার্থ ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে জলবিদ্যুৎ, পর্যটন এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে নেপাল ও বাংলাদেশের মধ্যে অনেক অমীমাংসিত ও সম্ভাবনাময় ক্ষেত্র রয়েছে। সুশীলা কারকি তার বার্তায় এই সম্পর্ককে আরও সংহত করতে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
উল্লেখ্য যে নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কারকি নিজেও একটি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি তার দেশের বিচার বিভাগের শীর্ষ পর্যায় থেকে রাষ্ট্রীয় নেতৃত্বে এসেছেন। তারেক রহমানের প্রতি তার এই দ্রুত অভিনন্দন বার্তা বিশ্ব দরবারে বিএনপির রাজনৈতিক গ্রহণযোগ্যতাকে আরও জোরালো করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে বিএনপির পক্ষ থেকেও বিদেশি রাষ্ট্রগুলোর এমন বন্ধুত্বপূর্ণ বার্তাকে স্বাগত জানানো হয়েছে এবং একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন