বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬,

রাজধানীতে কর্মসূচি ঘোষণা করল মহিলা জামায়াত

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৮:৫৯ পিএম

রাজধানীতে  কর্মসূচি ঘোষণা করল মহিলা জামায়াত

মানববন্ধনের প্রস্তুতি

রাজধানী ঢাকাসহ দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার প্রতিবাদে রাজপথে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামীকাল শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিশাল মানববন্ধনের ডাক দিয়েছে সংগঠনটির মহিলা বিভাগ। দেশে ক্রমবর্ধমান সহিংসতা রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর ভূমিকার দাবিতে এই কর্মসূচি পালিত হবে।

শুক্রবার বিকেলে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা তৈরি হয়েছে তাতে সাধারণ মানুষ বিশেষ করে নারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রতিনিয়ত নারী ও শিশু নির্যাতনের যেসব খবর গণমাধ্যমে আসছে তা অত্যন্ত উদ্বেগজনক। এই পরিস্থিতির নিরসন এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনাই তাদের এই প্রতিবাদের মূল লক্ষ্য।

আয়োজক সংগঠন সূত্রে জানা গেছে, শনিবারের এই মানববন্ধনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর শীর্ষস্থানীয় নারী নেত্রীরা উপস্থিত থেকে বক্তব্য রাখবেন। তারা দেশের বর্তমান বিচার ব্যবস্থার সংস্কার এবং অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাবেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলমত নির্বিশেষে অপরাধ দমনে আরও বেশি তৎপর হওয়ার আহ্বান জানানো হবে এই কর্মসূচি থেকে।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও হত্যার মতো বর্বরোচিত ঘটনা জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে। জামায়াত নেতাদের মতে কেবল রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে নয় বরং সামাজিক সচেতনতা ও প্রশাসনের সঠিক পদক্ষেপের মাধ্যমেই এই অবক্ষয় রোধ করা সম্ভব। শনিবারের কর্মসূচিকে সফল করতে রাজধানীর বিভিন্ন পর্যায়ের কর্মীদের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।