এপ্রিল ২১, ২০২৬, ১২:২২ এএম
অনলাইন প্ল্যাটফর্মে ভিন্নমত প্রকাশের জেরে দেশজুড়ে সাধারণ নাগরিক ও রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তার ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন।
ছাত্রশিবির নেতাদের অভিযোগ, বর্তমান সরকার ক্ষমতায় আসার মাত্র দুই মাসের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের কণ্ঠরোধ করতে মরিয়া হয়ে উঠেছে। তারা মনে করেন, নাগরিকের গণতান্ত্রিক অধিকার খর্ব করার মাধ্যমে রাষ্ট্র এক অস্থির পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে।
বিবৃতিতে ছাত্রশিবির নেতারা সাম্প্রতিক সময়ে বিভিন্ন জেলায় হওয়া গ্রেপ্তারের সুনির্দিষ্ট কিছু চিত্র তুলে ধরেন। তারা জানান, স্রেফ ফেসবুক পোস্ট ও কার্টুন শেয়ারের অভিযোগে ময়মনসিংহ থেকে আজিজুল হক, ঢাকা থেকে হাসান নাসিম, মুন্সীগঞ্জ থেকে শাওন মাহমুদ এবং ঠাকুরগাঁও থেকে আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
এমনকি ভোলায় বিবি সাওদা নামে এক গৃহিণীকেও একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল, যদিও পরে আন্দোলনের মুখে আদালত তাকে জামিন দিতে বাধ্য হয়। প্রতিটি গ্রেপ্তারের ঘটনাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে নেতৃবৃন্দ অবিলম্বে সকল বন্দির মুক্তি দাবি করেছেন।সরকারের এই কার্যক্রমকে ‘দ্বিমুখী আচরণ’ হিসেবে অভিহিত করেছেন ছাত্রশিবির সভাপতি ও সেক্রেটারি জেনারেল। তারা বলেন, নির্বাচনের আগে নাগরিকদের বাকস্বাধীনতার নানা প্রতিশ্রুতি দিলেও বর্তমানে সরকার সামান্য সমালোচনাও সহ্য করতে পারছে না।
বিশেষ করে ময়মনসিংহে কোনো সুনির্দিষ্ট মামলা ছাড়াই ৫৪ ধারায় গ্রেপ্তার এবং ঢাকায় সাইবার সুরক্ষা আইনের অপপ্রয়োগ করে কার্টুনিস্ট ও অনলাইন অ্যাক্টিভিস্টদের টার্গেট করা হচ্ছে। তাদের মতে, অসাধু সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং নিজেদের প্রশাসনিক ব্যর্থতা আড়াল করতেই সাধারণ জনগণের মধ্যে একটি ভীতিমূলক পরিবেশ সৃষ্টি করা হচ্ছে।নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকরা সরকারের ভুল-ত্রুটি নিয়ে গঠনমূলক সমালোচনা করবে এটাই স্বাভাবিক ও সাংবিধানিক রীতি। কিন্তু বর্তমান প্রশাসন পূর্বের আমলের মতো ডিজিটাল ক্র্যাকডাউন শুরু করেছে যা উদ্বেগজনক।
সাধারণ ছাত্র, গৃহিণী ও অনলাইন অ্যাক্টিভিস্টদের যেভাবে ঘর থেকে তুলে নিয়ে মামলা দেওয়া হচ্ছে, তা মূলত ভিন্নমত দমনের একটি সুপরিকল্পিত নীল নকশা। তারা মনে করেন, সরকার পুনরায় একটি সংঘাতময় কাঠামোর দিকেই এগিয়ে যাচ্ছে। ব্যর্থতার দায় জনগণের ওপর না চাপিয়ে বরং সমালোচনা গ্রহণ করার মানসিকতা তৈরির আহ্বান জানিয়েছেন তারা। একই সঙ্গে হাসান নাসিম ও আজিজুল হকসহ রাজনৈতিক কারণে গ্রেপ্তারকৃত সকল বন্দির নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে ওই বিবৃতিতে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন