রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

২৪ ঘণ্টায় সাত খুন, জামায়াত আমিরের ক্ষোভ

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২২, ২০২৬, ১০:৪২ এএম

২৪ ঘণ্টায় সাত খুন, জামায়াত আমিরের ক্ষোভ

ছবি-দিনাজপুর টিভি

নওগাঁ ও চট্টগ্রামে গত ২৪ ঘণ্টার ব্যবধানে সাত খুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনগণের জান-মালের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে উল্লেখ করে তিনি বর্তমান সরকারের কঠোর সমালোচনা করেছেন। 

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন এবং খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

ডা. শফিকুর রহমান তাঁর পোস্টে উল্লেখ করেন, গত ২৪ ঘণ্টায় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের এক দম্পতি ও তাঁদের দুই অবুঝ শিশুকে অত্যন্ত নৃশংস কায়দায় গলা কেটে হত্যা করা হয়েছে। একইভাবে চট্টগ্রামেও তিনজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 

এই পৈশাচিক ঘটনাগুলোর বিবরণ দিয়ে তিনি প্রশ্ন তোলেন, দেশে যখন একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত, তখন কেন জনগণের নিরাপত্তা এমন উদ্বেগজনকভাবে হুমকির মুখে পড়বে? সরকার কি এই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আমলে নিচ্ছে—এমন প্রশ্নও ছুঁড়ে দেন তিনি।একই সঙ্গে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে ঘটে যাওয়া সংঘাতের প্রসঙ্গটিও তুলে ধরেন জামায়াত আমির। তিনি জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে ছাত্রদলের ধারালো অস্ত্রের আঘাতে ছাত্রশিবিরের এক কর্মীর পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। 

আহত ওই কর্মী বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই ধরণের সংঘাত শিক্ষাঙ্গনের পরিবেশকে অস্থিতিশীল করছে বলে তিনি মন্তব্য করেন।সরকারকে পরামর্শ দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে এখন শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জান-মালের নিরাপত্তা বিধানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। তিনি আক্ষেপ করে বলেন, সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকরা এখন বিরোধী দলের চরিত্র হননে যতটা ব্যস্ত, জননিরাপত্তা নিশ্চিত করতে ততটা মনোযোগী নন, যা কারও জন্যই কল্যাণকর হতে পারে না। 

এই ধরণের বিমাতাসুলভ আচরণ ত্যাগ করে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।বিবৃতির শেষে জামায়াত আমির নওগাঁ ও চট্টগ্রামে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সমাজে বিচারহীনতার সংস্কৃতি আরও শক্তিশালী হবে এবং অপরাধীরা বেপরোয়া হয়ে উঠবে বলে তিনি সতর্ক করেন।