রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

মে দিবস গুরুত্বের সঙ্গে পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ১১:৩৯ পিএম

মে দিবস গুরুত্বের সঙ্গে পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার

যথাযথ গুরুত্বের সঙ্গে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ তথা ‘মে দিবস’ পালনের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ১৮৮৬ সালের ১ মে আমেরিকার শিকাগো শহরের শ্রমিক সমাজ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগের এক নজির স্থাপন করেছিল। 

বিশ্বের শ্রমিক সমাজ সেই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে আজও তাদের আন্দোলন চালিয়ে আসছে। তবে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সেই সংগ্রাম আজও পুরোপুরি সফলতা লাভ করেনি।তিনি উল্লেখ করেন, বর্তমান সময়েও শ্রমিকদের ন্যায্য বেতন-ভাতার দাবিতে রাজপথে আন্দোলন করতে দেখা যায়। 

অনেক ক্ষেত্রে পাওনা আদায় করতে গিয়ে তাদের জীবন দিতে হয়। মালিক পক্ষ কখনো কখনো নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়ে পদক্ষেপ গ্রহণ করে, যা শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে। আবার অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে প্রতিষ্ঠানের ক্ষতির কারণ হওয়ার ঘটনাও ঘটে। 

এই পরিস্থিতির অবসান হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।ডা. শফিকুর রহমান বলেন, মানবরচিত কোনো মতবাদই মানুষের সমস্যার সঠিক সমাধান দিতে সক্ষম নয়। তিনি রাসুলুল্লাহ (সা.)-এর নির্দেশনা উল্লেখ করে বলেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য পাওনা পরিশোধ করার জন্য ইসলামে জোর তাগিদ দেওয়া হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নের মধ্যেই মালিক ও শ্রমিক—উভয় পক্ষের প্রকৃত কল্যাণ নিহিত রয়েছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, কল-কারখানা ও উৎপাদন সেক্টরগুলোতে প্রায়ই মালিক-শ্রমিক দ্বন্দ্ব লেগে থাকে। ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের অনেক ক্ষেত্রে ছাঁটাই, হামলা ও মামলার মাধ্যমে হয়রানি করা হয়। এমনকি গুলি করে আহত ও নিহত করার ঘটনাও ঘটে। এই অবস্থার পরিবর্তন দরকার। তিনি মনে করেন, ইসলামী শ্রমনীতি চালুর মাধ্যমেই শ্রমিক সমাজের প্রকৃত মুক্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে।সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের সর্বস্তরের শ্রমজীবী মানুষ ও দেশবাসীকে যথাযথ গুরুত্বের সঙ্গে ১ মে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ পালনের উদাত্ত আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।