মে ১, ২০২৬, ০৯:৪৮ এএম
শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনো নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। শুক্রবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বিবৃতিতে তিনি দেশ-বিদেশে কর্মরত সব শ্রমজীবী মানুষের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন।নাহিদ ইসলাম তাঁর বিবৃতিতে ১৮৮৬ সালের পহেলা মে শিকাগোর হে মার্কেট স্কয়ারের ঐতিহাসিক ঘটনার কথা স্মরণ করেন।
তিনি বলেন, দিনে আট ঘণ্টার বেশি শ্রম নয়—এমন একটি মানবিক দাবিতে সেদিন আমেরিকার শ্রমিকরা রাস্তায় নেমেছিলেন। পুলিশের গুলিতে সেদিন শ্রমিকদের রক্তে শিকাগোর রাজপথ ভিজে গিয়েছিল। সেই রক্তের ওপর দাঁড়িয়েই আজ বিশ্ব মে দিবস পালন করে। তিনি সেদিনের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
স্বাধীনতার পর থেকে বাংলাদেশে মে দিবস পালনের বিষয়ে এনসিপি আহ্বায়ক বলেন, এই দিবসটি পালন করা এখন অনেকটা আনুষ্ঠানিকতা নির্ভর হয়ে পড়েছে। ব্যানার, বক্তব্য ও আলোচনাতেই এটি সীমাবদ্ধ থাকে। এর ফলে শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে সামান্যই।
তিনি অভিযোগ করেন, অতীতে ন্যায্য মজুরির দাবিতে রাস্তায় নামা শ্রমিকদের ওপর নজিরবিহীন দমন-পীড়ন চালানো হয়েছে এবং অনেক শ্রমিক নেতাকে রাতের অন্ধকারে তুলে নেওয়া হয়েছে।শ্রমিকদের প্রতি অবিচারের উদাহরণ টেনে নাহিদ ইসলাম বলেন, ১৩ বছর পার হলেও রানা প্লাজা ট্র্যাজেডির প্রকৃত বিচার আমরা পাইনি। জুলাই গণঅভ্যুত্থানেও এ দেশের শ্রমজীবী মানুষ জীবন দিয়েছে এবং বড় ধরনের পরিবর্তনের স্বপ্ন দেখেছে।
তবে দুঃখজনকভাবে, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও সব ধরনের বৈষম্যের অবসান ঘটেনি। শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবিটি এখনো অপূর্ণ রয়ে গেছে।বিবৃতিতে নাহিদ ইসলাম ভবিষ্যতে একটি শ্রমিকবান্ধব বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, শ্রমজীবী মানুষের মর্যাদা, অধিকার ও ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। মে দিবসের মূল চেতনাকে ধারণ করে বৈষম্যমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই কাজ করার কথা জানান বিরোধী দলীয় এই চিফ হুইপ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন