রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

আমাদের চেহারা বদলায়নি, জামায়াতই বদলেছে: মির্জা ফখরুল

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১, ২০২৬, ১২:১৬ এএম

আমাদের চেহারা বদলায়নি, জামায়াতই বদলেছে: মির্জা ফখরুল

জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির চেহারা বদলায়নি বরং জামায়াতই হঠাৎ করে বদলে গেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর বক্তব্যে বলেন, ৫ আগস্টের পর দুর্ভাগ্যজনকভাবে বলা হচ্ছে যে আমাদের চেহারা বদলে গেছে। অথচ বাস্তবতা হলো তারা হঠাৎ করেই বদলে গেল। তিনি অভিযোগ করেন, জামায়াত ক্ষমতায় যাওয়ার একটি ইঙ্গিত পেয়ে মনে করছে সবকিছু তৈরি হয়ে গেছে। 

তাদের বিভিন্ন বক্তব্য গণতন্ত্রকে সাহায্য করছে না বরং রাজনৈতিক দূরত্ব সৃষ্টি করছে। বিশেষ করে নির্বাচনকে ‍‍`ইঞ্জিনিয়ারিং‍‍` বলা দেশের মানুষ মেনে নেবে না বলে তিনি মন্তব্য করেন।

জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থান সম্পর্কে মির্জা ফখরুল বলেন, এই অভ্যুত্থানের ইতিহাস দেশের সব মানুষ হৃদয়ে ধারণ করে। যখন এই বিষয়গুলো নিয়ে কোনো কটাক্ষ করা হয়, তখন আন্দোলনকারী লাখো মানুষের মতো আমরাও কষ্ট পাই। তিনি স্পষ্ট করেন যে, এই বিপ্লব ও সংগ্রামের মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব।তারেক রহমান ও তৎকালীন প্রধান উপদেষ্টার লন্ডন বৈঠক নিয়ে সমালোচনার জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ওই ঐতিহাসিক বৈঠকের কারণেই আজ সবাই সংসদে বসতে পেরেছেন। 

তিনি বিদ্রুপকারীদের উদ্দেশ্য করে বলেন, লন্ডন বৈঠকেই নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছিল এবং প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে রাজি হয়েছিলেন। এটিই বাস্তবতা এবং এটি সবাইকে স্বীকার করে নিতে হবে।বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে চিহ্নিত করার চেষ্টার প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা সংস্কারের বিরোধী নই, বরং আমরাই সংস্কারের জনক। সংসদে পোস্টার প্রদর্শন বা বক্তব্যের মাধ্যমে বিএনপিকে সংস্কারবিরোধী প্রমাণের চেষ্টা গ্রহণযোগ্য নয়। 

তিনি উল্লেখ করেন, দেশের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করতে বিএনপি শুরু থেকেই কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।অধিবেশনে তিনি আরও জানান, রাজনৈতিক স্বার্থে মিথ্যা তথ্য ছড়ানো গণতন্ত্রের জন্য শুভ নয়। বর্তমান সংসদকে কার্যকর করতে এবং জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।