মে ১, ২০২৬, ০৩:১০ পিএম
শ্রমিকরা সব আমলেই বঞ্চিত ও নির্যাতিত উল্লেখ করে সব শ্রেণির শ্রমিকের জন্য রাষ্ট্রীয়ভাবে কার্ড প্রদানের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেন, রাষ্ট্রের উচিত শ্রমিকদের স্বার্থ রক্ষা করা এবং এই কার্ডের অধীনে তাঁদের চিকিৎসা, খাদ্য ও আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন কর্তৃক আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (১ মে) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সমাবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গে মুফতি ফয়জুল করীম বলেন, বিগত নির্বাচনে ইসলামের স্বার্থে তাঁরা কোনো সমঝোতা করেননি। তিনি অভিযোগ করেন, অন্যরা যখন ইসলামকে উপেক্ষা করে গোপন আঁতাতে লিপ্ত হয়েছে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্ট অবস্থান নিয়ে রাজনীতি করেছে। তিনি দাবি করেন, তাঁর দল কোনো গুপ্ত রাজনীতি করে না এবং সব কার্যক্রমই প্রকাশ্য ও স্বচ্ছ। ইসলামের জন্য ক্ষমতা ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সংসদে পুরোনো বিতর্ক নিয়ে সমালোচনা করে মুফতি ফয়জুল করীম বলেন, বর্তমানে সংসদে মুক্তিযুদ্ধ বনাম রাজাকার বিতর্ক আবারও উত্থাপিত হচ্ছে, যা জাতির জন্য বিভ্রান্তিকর। বিরোধী দলকে স্পষ্ট করতে হবে তারা শরিয়াহর পক্ষে নাকি প্রচলিত শাসন ব্যবস্থার পক্ষে। ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে ইসলামি শরিয়াহর পক্ষে বলেও তিনি ঘোষণা করেন।
ইসলামী আন্দোলনের এই শীর্ষ নেতা আরও বলেন, প্রাইমারি স্কুলে কওমি মাদ্রাসা থেকে ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে হবে। একই সাথে দেশে নতুন করে ‘জঙ্গি নাটক’ তৈরি করা বন্ধ করার দাবি জানান তিনি। শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনের দীর্ঘ ইতিহাস স্মরণ করে তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি ও মানবিক মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন