মে ১, ২০২৬, ০৩:২০ পিএম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমকে মনোনীত করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (১ মে) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কর্মী সম্মেলনে তাঁকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
ঘোষণার সময় সাদিক কায়েম নিজে সম্মেলনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের থানা ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মী অংশ নেন। দলীয় এই ফোরাম থেকেই সাদিক কায়েমকে দক্ষিণের নগরপিতা হওয়ার লড়াইয়ে নামানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, ঢাকা সিটি করপোরেশন নির্বাচন যদি ডাকসুর বর্তমান মেয়াদের মধ্যে অনুষ্ঠিত হয়, তবে সাদিক কায়েমের প্রার্থিতার বিষয়ে নতুন করে চিন্তা করা হতে পারে। তবে নির্বাচন যদি ডাকসুর মেয়াদ শেষ হওয়ার পর অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে তিনিই দলের চূড়ান্ত মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দলটির অভ্যন্তরীণ নীতিনির্ধারণী পর্যায়ে এভাবেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।নির্বাচনে অংশ নেওয়ার প্রাথমিক প্রস্তুতির অংশ হিসেবে সাদিক কায়েম তাঁর জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে ঢাকায় স্থানান্তর করেছেন। বর্তমানে তিনি ঢাকার ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। যদিও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেননি, তবে মহানগরীর বিভিন্ন ইউনিটের দলীয় কর্মকাণ্ড এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের জন্য জামায়াতের প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শেষ হয়েছে। দক্ষিণের প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম ঘোষণা করা হলেও উত্তরের প্রার্থীর নামও শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। নির্বাচনকে কেন্দ্র করে মহানগরীর ওয়ার্ড পর্যায়েও সাংগঠনিক প্রস্তুতি জোরদার করছে দলটি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন