মে ১, ২০২৬, ০৪:৩৬ পিএম
বিগত নির্বাচনে ইসলামের স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ধরনের সমঝোতা করেনি বলে জানিয়েছেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেন, অন্যরা যখন ইসলামকে উপেক্ষা করে গোপন আঁতাতে লিপ্ত হয়েছে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্ট অবস্থান নিয়ে রাজনীতি করেছে। তাঁর দল কোনো গুপ্ত রাজনীতি করে না এবং সব কার্যক্রমই প্রকাশ্য ও স্বচ্ছ বলে তিনি দাবি করেন।
শুক্রবার (১ মে) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি ফয়জুল করীম বলেন, শ্রমিকরা সব আমলেই বঞ্চিত ও নির্যাতিত। রাষ্ট্রের উচিত শ্রমিকদের স্বার্থ রক্ষা করা। তাই সব শ্রেণির মতো শ্রমিকদেরও রাষ্ট্রীয়ভাবে কার্ড প্রদান করতে হবে। এই কার্ডের অধীনে তাঁদের চিকিৎসা, খাদ্য ও আবাসনের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তিনি।
সংসদে চলমান বিতর্ক নিয়ে সমালোচনা করে মুফতি ফয়জুল করীম বলেন, বর্তমানে সংসদে পুরোনো মুক্তিযুদ্ধ বনাম রাজাকার বিতর্ক আবারও উত্থাপিত হচ্ছে, যা জাতির জন্য বিভ্রান্তিকর। বিরোধী দলকে স্পষ্ট করতে হবে তারা শরিয়াহর পক্ষে নাকি প্রচলিত শাসন ব্যবস্থার পক্ষে। ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে ইসলামি শরিয়াহর পক্ষে বলেও তিনি উল্লেখ করেন।
ইসলামী আন্দোলনের এই শীর্ষ নেতা তাঁর বক্তব্যে শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে কথা বলেন। তিনি জানান, প্রাইমারি স্কুলে কওমি মাদ্রাসা থেকে ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে হবে। একই সাথে দেশে নতুন করে ‘জঙ্গি নাটক’ তৈরি করা বন্ধ করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
নির্বাচনী রাজনীতি প্রসঙ্গে মুফতি ফয়জুল করীম বলেন, ইসলামের জন্য ক্ষমতা ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছে তাঁর দল। তিনি মনে করেন, আদর্শিক লড়াইয়ে পিছপা না হয়ে তাঁর দল জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। মে দিবসের এই সমাবেশে ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এবং শ্রমিকদের অধিকার আদায়ে সংহতি প্রকাশ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন