বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,

শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৩০, ২০২৬, ১২:৪৯ পিএম

শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ

ছবি - সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তিনি এই সামগ্রী বিতরণ করেন। এর মধ্য দিয়ে রাজধানীসহ দেশব্যাপী গরিব ও দুস্থ মানুষের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ নানা কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হলো।সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ এই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান। শহীদ রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কল্যাণমূলক কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই অনুষ্ঠানস্থলে সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে কাপড়ের পাশাপাশি জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হয়েছে বলে দায়িত্বশীলরা জানিয়েছেন।

দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে আজ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মোট ১৬টি নির্ধারিত স্পটে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রাজধানীজুড়ে দিনভর অসহায় সাধারণ মানুষের মাঝে এই ধরনের প্রয়োজনীয় সামগ্রী ও সেবা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।