জুন ৪, ২০২৬, ১০:০১ পিএম
শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার, খুনিদের দেশে ফিরিয়ে আনা এবং ঘটনার নেপথ্যে থাকা দেশি-বিদেশি চক্রান্ত উদ্ঘাটনের দাবিতে মশাল মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়।
মিছিলটি শাহবাগ মোড় ঘুরে পুনরায় রাজু ভাস্কর্য এলাকায় এসে শেষ হয়।মিছিলে খুনিদের দ্রুত বিচারের আওতায় আনার স্লোগান দেওয়া হয়।ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে দাবি করেন, হত্যাকাণ্ডের তদন্তে বারবার সময়ক্ষেপণ করা হচ্ছে এবং খুনিদের ধরার ক্ষেত্রে কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়।
সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের আড়াল করতে নানা ধরনের ট্যাগ ব্যবহার করা হচ্ছে।
তিনি বলেন, শুধু রাজনৈতিক বিরোধিতার কারণে নয়, এই হত্যাকাণ্ডের পেছনে গভীর দেশি-বিদেশি সংশ্লিষ্টতা থাকতে পারে।হত্যাকাণ্ডের নেপথ্যে ভারতের সম্ভাব্য সম্পৃক্ততার অভিযোগও তুলেছেন তারা।মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্যের কথা উল্লেখ করে ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, ওই বক্তব্য থেকে ধারণা করা যাচ্ছে যে হত্যাকাণ্ডের পেছনে বাংলাদেশের এমন কোনো ব্যক্তি বা সংস্থার সম্পৃক্ততা থাকতে পারে, যার পরিচয় প্রকাশ পেলে দেশে বড় ধরনের প্রতিক্রিয়া হতে পারে।
সীমান্ত নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। তারা বলছেন, হত্যার পরপরই সীমান্ত সিল করার কথা থাকলেও তা না করায় খুনিরা সহজেই দেশ ছাড়ার সুযোগ পেয়েছে।গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়েও হতাশা প্রকাশ করেছে সংগঠনটি। তারা জানায়, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের হত্যাকাণ্ডের পরও খুনিদের শনাক্ত করতে না পারা ব্যর্থতা। সংগঠনের পক্ষ থেকে খুনিদের ফিরিয়ে আনার সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণার দাবি জানানো হয়। এছাড়া নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে আন্তর্জাতিক তদন্তের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন তারা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন