জুলাই ৮, ২০২৬, ০৭:৩৭ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা না করার জন্য শহীদ ওসমান হাদীকে একাধিকবার চাপ দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন বিএনপি নেতা রাশেদ খান। বুধবার (৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
রাশেদ খানের ভাষ্যমতে, জুবায়ের নামে এক ব্যক্তি শহীদ ওসমান হাদীকে ওই আসনটি ছেড়ে অন্য আসন থেকে নির্বাচন করার পরামর্শ দিয়েছিলেন। জুবায়ের নিজেকে জামায়াত আমিরের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে পরিচয় দিতেন এবং তিনি বুয়েট শিবিরের সাবেক সভাপতি ছিলেন বলেও দাবি করেছেন রাশেদ খান।
ফেসবুক পোস্টে রাশেদ খান জানান, ওসমান হাদীকে স্পষ্ট করে বলা হয়েছিল যে ঢাকা-৮ আসনে সাদিক কাইয়ুম নির্বাচন করবেন। তবে ওসমান হাদী ৫০০ ভোট পেলেও সেই আসনেই নির্বাচন করবেন বলে অনড় ছিলেন। রাশেদ খানের দাবি, ওসমান হাদী হত্যাকাণ্ডের পর বিতর্কের সৃষ্টি হওয়ায় পরে সাদিক কাইয়ুমকে আর মনোনয়ন দেয়নি জামায়াত।
জুবায়েরের বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে রাশেদ খান বলেন, সে কিছুদিন আগে পর্যন্ত আমেরিকায় ছিল এবং গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে ফিরে এসে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেয়। সে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটিতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে।
শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে জুবায়েরের পরিচয় এবং বর্তমান অবস্থান উদ্ঘাটন করা অত্যন্ত জরুরি বলে মনে করেন রাশেদ খান। তিনি প্রশাসনের কাছে জুবায়েরের আদ্যোপান্ত বের করার দাবি জানান এবং সেই সঙ্গে প্রশ্ন রাখেন, সে কি বর্তমানে দেশে আছে নাকি আবারও বিদেশে ফিরে গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন