বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

ফেনীতে জুলাই শহীদদের কবর জিয়ারত করলেন হাসনাত আবদুল্লাহ

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ০৭:৪৪ পিএম

ফেনীতে জুলাই শহীদদের কবর জিয়ারত করলেন হাসনাত আবদুল্লাহ

ফেনীর সোনাগাজী থেকে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কর্মসূচি শুরুর আগে সোনাগাজী ও ফুলগাজীতে জুলাই শহীদদের কবর জিয়ারত করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ দলটির কেন্দ্রীয় নেতারা।বিকেল ৫টার দিকে সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামে যান তারা।

সেখানে ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর বাংলামোটর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবদুর গণি বোরহানের কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। এর আগে ফুলগাজী উপজেলার আনন্দপুর এলাকায় জুলাই অভ্যুত্থানে ফেনীর মহিপালে নিহত ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত করেন তারা। দুপুরে উপজেলার হাসানপুর গ্রামের বাসিন্দা ও এনসিপির কেন্দ্রীয় সদস্য আহমেদ করিম চৌধুরী আমজাদের আমন্ত্রণে তার বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা।

এ সময় এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব শেহেরিন ইরা, কেন্দ্রীয় সদস্য দিলারা খানম, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বকর মজুমদার, যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মহি উদ্দিন রনি, এনসিপি ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্যসচিব শাহ ওয়ালী উল্লাহ মানিকসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিকালে সোনাগাজী পৌর চত্বর থেকে এনসিপির দক্ষিণাঞ্চলে জুলাই পদযাত্রা কর্মসূচির উদ্বোধন করেন হাসনাত আবদুল্লাহ। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি দেশব্যাপী ৩৬ দিনব্যাপী কর্মসূচি পালন করছে। কর্মসূচির অংশ হিসেবে দলটির কেন্দ্রীয় নেতারা বিভিন্ন জেলায় সফর, শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিচ্ছেন।