রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার কারণ জানালেন জুমা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১০, ২০২৬, ০৫:৩২ পিএম

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার কারণ জানালেন জুমা

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব থেকে সরে এসেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা। শুক্রবার এক গণমাধ্যম সাক্ষাৎকারে তিনি তার পদত্যাগের কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। আইনি জটিলতা এড়ানো এবং শহীদ উসমান হাদির সম্মান রক্ষাকেই তিনি এই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।শহীদ উসমান হাদির ওয়ারিশদের দাবির পরিপ্রেক্ষিতেই মূলত তিনি এই দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন।

জুমা জানান, তাদের লক্ষ্য ছিল ইনকিলাব কালচারাল সেন্টারকে একটি ট্রাস্টের মাধ্যমে জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। তবে উসমান হাদির মৃত্যুর পর তার পরিবারের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির মালিকানা দাবি করা হয়। এ অবস্থায় ফেসবুকে চলমান কুৎসা, অপপ্রচার এবং আইনি লড়াইয়ের জটিলতা এড়াতে তিনি পদত্যাগের পথ বেছে নিয়েছেন। তার মতে, শহীদ উসমান হাদির সম্মানের প্রশ্নে কোনো আপস করা যায় না এবং সেই সম্মান রক্ষা করাই এখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও স্পষ্ট করেন যে, ইনকিলাব কালচারাল সেন্টারের পদত্যাগ মানেই তাদের সামগ্রিক লড়াই থেকে সরে আসা নয়। ফাতিমা তাসনিম জুমা বলেন, তাদের কাছে নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান বড় নয়, বরং বিপ্লবটাই মুখ্য। তারা তাদের মূল সংগঠন ইনকিলাব মঞ্চে দায়িত্বশীল অবস্থানে রয়েছেন এবং সেখান থেকেই দেশের স্বার্থে লড়াই ও কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়লেও সংগ্রামের পথ থেকে সরে আসার সুযোগ নেই বলে মনে করেন এই ছাত্রনেতা। তিনি জানিয়েছেন, অন্য কোনো মাধ্যমে কিংবা নতুন কোনো কৌশলে শহীদ উসমান হাদির আদর্শের ভিত্তিতে তাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। কোনো ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক সংকটে তারা তাদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না বলে জানিয়েছেন জুমা।