আগস্ট ২, ২০২৫, ০৬:০৬ পিএম
আজ জাপানের কানসাই ওসাকা শাখার উদ্যোগে কোবে সিটিতে "জুলাই ও নতুন বাংলাদেশ বিনির্মাণ" বিষয়ক এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির এশিয়া বিষয়ক কেন্দ্রীয় প্রতিনিধি মো. যুবাইর আহমেদ সরদার।
সভার শুরুতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বক্তারা শহীদদের স্মরণ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। আয়োজক কমিটির বক্তারা প্রবাসীরা কেমন বাংলাদেশ চান এবং তাদের অধিকার নিয়েও আলোচনা করেন।
জাপানে এনসিপিকে আরও সুসংগঠিত করতে এবং ভবিষ্যতে যাতে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সেজন্য সবাইকে রাজনৈতিকভাবে সচেতন থাকার আহ্বান জানান জাপান এনসিপি'র সংগঠক সৌরভ সরকার। আরেক সংগঠক মো. মিরাজ নতুন বাংলাদেশ গড়তে সবাইকে হাতে হাত রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
এই সভায় জাপানের কানসাই অঞ্চলের এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন এবং সবাই ঐক্যবদ্ধভাবে নতুন দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। সবশেষে জুলাই শহীদদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন