শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬,
রাজনৈতিক ষড়যন্ত্র

ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩, ২০২৬, ০৭:৫৮ পিএম

ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

পলাতক ও গুপ্ত চক্র দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। এই ষড়যন্ত্র প্রতিহত করতে পুলিশের ওপর এককভাবে নির্ভর না করে দলীয় শক্তিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার সন্ধ্যায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভুটিয়ারকোনা উচ্চ বিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ ২৩ বছর পর গৌরীপুর উপজেলার ৪ নম্বর মাওহা ইউনিয়ন বিএনপির এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ফ্যাসিবাদের দুঃশাসনের কারণে বিগত দেড় যুগেও এই আয়োজন করা সম্ভব হয়নি বলে স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন। হাজার হাজার নেতাকর্মীর মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে সম্মেলনস্থল, যেখানে ব্যানার, ফেস্টুন, রঙিন গেঞ্জি ও টুপি পরিহিত নেতাকর্মীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন উপস্থিত থাকার কথা থাকলেও রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে শেষ পর্যন্ত তিনি যোগ দিতে পারেননি।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুলের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালাম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নূরুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিসসহ দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। সম্মেলনের শেষ পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে উৎসাহের কমতি দেখা যায়নি এবং দুঃসময়ের পরীক্ষিত নেতাকর্মীদের খুঁজে বের করে মূল্যায়ন করার ওপর জোর দেওয়া হয়।