বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ঘরেই বানান রেস্টুরেন্ট স্বাদের মোকা কেক, রইল রেসিপি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১১, ২০২৫, ০৭:৪৫ পিএম

ঘরেই বানান রেস্টুরেন্ট স্বাদের মোকা কেক, রইল রেসিপি

ছবি - সংগৃহীত

বিকেলের চায়ের আড্ডা হোক বা ঘরোয়া কোনো উৎসব, এক স্লাইস নরম আর সুগন্ধি কেক মুহূর্তেই মন ভালো করে দেয়। আর সেই কেকটি যদি হয় কফি আর চকলেটের স্বাদে ভরা মোকা কেক, তাহলে তো কথাই নেই। অনেকেই ভাবেন, এমন কেক বানানো বেশ ঝামেলার এবং এর জন্য ওভেন থাকা আবশ্যক। কিন্তু দারুণ খবর হলো, ওভেন ছাড়াই সাধারণ হাঁড়িতে, চুলাতেও আপনি বানিয়ে নিতে পারেন নিখুঁত মোকা কেক।

চলুন, জেনে নেওয়া যাক পুরো প্রণালী।প্রথমে কেকের ব্যাটার তৈরির জন্য আপনার লাগবে ৩টি ডিম, আধা কাপ ময়দা, ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ২ টেবিল চামচ কোকো পাউডার, আধা কাপ ও আরও ২ টেবিল চামচ গুঁড়া চিনি, ২ টেবিল চামচ তেল, সিকি কাপ দুধ, ১ টেবিল চামচ কফি এবং আধা চা চামচ বেকিং পাউডার।এবার কেক তৈরির জন্য একটি পাত্রে ডিম ও চিনি নিয়ে একটি ইলেকট্রিক বিটার দিয়ে প্রায় ৪ মিনিট ভালো করে বিট করুন, যতক্ষণ না মিশ্রণটি সাদা ও ফোমের মতো হয়ে যায়।

এরপর তেল দিয়ে মাত্র ১০ সেকেন্ড বিট করুন। একটি আলাদা পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, কোকো পাউডার ও বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে তিনবার চেলে নিন। অন্য একটি বাটিতে উষ্ণ দুধের সঙ্গে কফি ভালোভাবে মিশিয়ে নিন। এখন ডিমের মিশ্রণে অল্প অল্প করে শুকনো উপকরণ আর কফি-মেশানো দুধ তিন ধাপে মিশিয়ে নিন। আলতো হাতে মেশাতে হবে যেন ডিমের ফোম নষ্ট না হয়। মেশানো হয়ে গেলে, একটি ৭ ইঞ্চি কেক মোল্ডে বেকিং পেপার বিছিয়ে তেল ব্রাশ করে ব্যাটারটি ঢেলে দিন।

আপনি চুলা বা ওভেন, দুভাবেই কেকটি বেক করতে পারেন। চুলায় করতে চাইলে, একটি বড় ও ভারী তলার হাঁড়ি ৫ মিনিট উচ্চ তাপে গরম করে নিন। ভেতরে একটি স্টিলের স্ট্যান্ড বসিয়ে তার ওপর কেকের মোল্ডটি রাখুন। হাঁড়ির ঢাকনা দিয়ে প্রথম ৫ মিনিট উচ্চ তাপে এবং পরের ৩৫-৪০ মিনিট মাঝারি আঁচে বেক করুন। আর ওভেনে করতে চাইলে, ১৬০ ডিগ্রি সেলসিয়াসে ১০ মিনিট প্রি-হিট করে ৩৫-৪০ মিনিটের জন্য বেক করতে দিন।

একটি টুথপিক কেকের মাঝে ঢুকিয়ে পরীক্ষা করুন, যদি সেটি পরিষ্কার বেরিয়ে আসে, তবে বুঝতে হবে কেক তৈরি হয়ে গেছে।কেক সাজানোর জন্য প্রয়োজন হবে সুগার সিরাপ ও মোকা ক্রিম। সিরাপের জন্য ১ কাপ চিনি ও ১ কাপ পানি একসঙ্গে জ্বাল দিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে দিলেই তৈরি। আর মোকা ক্রিমের জন্য আধা কাপ ডার্ক চকলেট ও সামান্য হুইপড ক্রিম একসঙ্গে ডাবল বয়লারে গলিয়ে ঠান্ডা হতে দিন।

অন্যদিকে, আধা কাপ ঠান্ডা হুইপড ক্রিমের সঙ্গে ২ টেবিল চামচ আইসিং সুগার দিয়ে বিট করে ফোম তৈরি করুন। সবশেষে গলানো ঠান্ডা চকলেট দিয়ে আরও কিছুক্ষণ বিট করলেই তৈরি হয়ে যাবে মজাদার মোকা ক্রিম।কেকটি পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে দুই বা তিনটি স্তরে কেটে নিন।

প্রতিটি স্তরে সুগার সিরাপ ব্রাশ করে মোকা ক্রিম লাগিয়ে দিন। সবশেষে উপরে ও চারপাশে ক্রিম দিয়ে নিজের পছন্দমতো চকো চিপস, বাদাম কুচি বা চকলেট গ্রেটিং দিয়ে সাজিয়ে পরিবেশন করুন আপনার নিজের হাতে বানানো অসাধারণ মোকা কেক।