অক্টোবর ১৩, ২০২৫, ০২:৪৭ পিএম
বাঙালির যেকোনো উৎসব বা আনন্দের মুহূর্তে এক বাটি রসগোল্লার উপস্থিতি যেন অপরিহার্য। এই নরম, তুলতুলে আর রসে ভরা মিষ্টিটি ছোট থেকে বড় সবারই প্রিয়। অনেকেই মনে করেন, নিখুঁত স্পঞ্জি রসগোল্লা বানানো বেশ কঠিন এবং এর জন্য তরল দুধের বিকল্প নেই। কিন্তু সঠিক পদ্ধতি জানা থাকলে, ঘরে থাকা গুঁড়া দুধ দিয়েই আপনি বানিয়ে ফেলতে পারেন দোকানের মতো নিখুঁত স্বাদের রসগোল্লা।
প্রয়োজনীয় উপকরণ ছানা তৈরির জন্য লাগবে গুঁড়া দুধ ১ কাপ, পানি প্রায় ৪ কাপ এবং ভিনেগার বা লেবুর রস ১/৩ কাপ। রসগোল্লা তৈরির জন্য লাগবে তৈরি করা ছানা, ময়দা আধা টেবিল চামচ। সিরার জন্য প্রয়োজন হবে চিনি ২ কাপ, পানি ৬ কাপ এবং এলাচ গুঁড়া বা আস্ত এলাচ ২টি।যেভাবে তৈরি করবেন প্রথমে ছানা তৈরি করতে হবে। একটি বড় পাত্রে ১ কাপ গুঁড়া দুধের সঙ্গে ৪ কাপ পানি ভালোভাবে মিশিয়ে নিন, যেন কোনো দলা না থাকে।
এবার মিশ্রণটি চুলায় দিয়ে মাঝারি আঁচে জ্বাল দিন। দুধ ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে দিন এবং এর সঙ্গে অল্প অল্প করে ভিনেগার বা লেবুর রস মেশাতে থাকুন। দুধ ফেটে সবুজ জল ও ছানা আলাদা হয়ে গেলে চুলা বন্ধ করে দিন। সঙ্গে সঙ্গে একটি পাতলা সুতির কাপড়ে ছানা ছেঁকে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন, যাতে এর টক ভাব চলে যায়। এরপর কাপড়ের পুঁটলিটি ভালোভাবে চিপে এবং প্রায় ৩০ মিনিট ঝুলিয়ে রেখে বাড়তি পানি ঝরিয়ে নিন।
পানি ঝরানো ছানা একটি বড় প্লেটে নিয়ে তার সঙ্গে আধা টেবিল চামচ ময়দা মেশান। এবার হাতের তালু দিয়ে প্রায় ৮-১০ মিনিট ভালোভাবে মথে নিন, যতক্ষণ না ছানা মসৃণ হয়ে একটি নরম খামিরে পরিণত হয়। খামির থেকে ছোট ছোট মসৃণ বল তৈরি করে নিন, খেয়াল রাখবেন যেন বলের গায়ে কোনো ফাটল না থাকে।
এবার সিরা তৈরির পালা। একটি বড় ও ছড়ানো হাঁড়িতে ২ কাপ চিনির সঙ্গে ৬ কাপ পানি এবং ২টি এলাচ দিয়ে মাঝারি আঁচে জ্বাল দিন। সিরা ফুটে উঠলে সাবধানে একটি একটি করে ছানার বলগুলো ফুটন্ত সিরায় ছেড়ে দিন। হাঁড়ির মুখ ঢাকনা দিয়ে ঢেকে প্রথম ৫ মিনিট উচ্চ তাপে এবং পরের ১০-১২ মিনিট মাঝারি তাপে জ্বাল দিন। এই সময়ের মধ্যে রসগোল্লা ফুলে দ্বিগুণ হয়ে যাবে।
রান্না হয়ে গেলে চুলা বন্ধ করে হাঁড়িটি নামিয়ে নিন এবং ঢাকনা না খুলে ৪-৫ ঘণ্টা বা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবেই রেখে দিন। এতে রসগোল্লা ভালোভাবে সিরা শোষণ করে নরম ও রসে টইটম্বুর হয়ে উঠবে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন