রবিবার, ০১ নভেম্বর, ২০২৬,

রমজানের ২০ দিনে মক্কা-মদিনায় পৌনে ১০ কোটি মুসল্লি

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১২, ২০২৬, ১০:৩৪ এএম

রমজানের ২০ দিনে মক্কা-মদিনায় পৌনে ১০ কোটি মুসল্লি

মক্কায় মুসল্লিদের ঢল

পবিত্র রমজান মাসের প্রথম ২০ দিনে সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে রেকর্ডসংখ্যক মুসল্লির সমাগম ঘটেছে। দুই পবিত্র মসজিদবিষয়ক জেনারেল অথরিটির দেওয়া তথ্য অনুযায়ী, এই নির্দিষ্ট সময়ে ৯ কোটি ৬৬ লাখেরও বেশি মুসল্লি ও ওমরাহ যাত্রী ইবাদত বন্দেগিতে অংশ নিয়েছেন।

 মক্কার মসজিদুল হারামে ৫ কোটি ৭৫ লাখ ৯৫ হাজার ৪০১ জন মুসল্লি পাঁচ ওয়াক্ত নামাজ ও কিয়ামুল লাইল আদায় করেছেন। একই সময়ে ওমরাহ পালন করেছেন ১ কোটি ৫৬ লাখ ৫ হাজার ৮৬ জন ধর্মপ্রাণ মুসলমান। 

ওমরাহ ও নামাজ জোনের প্রবেশপথে স্থাপিত অত্যাধুনিক ডিজিটাল ডাটা বিশ্লেষণ করে এই নিখুঁত হিসাব নিশ্চিত করা হয়েছে।অন্যদিকে, মদিনার মসজিদে নববীতে এই ২০ দিনে ২ কোটি ১১ লাখ ৪৩হাজার ২৫৯ জন মুসল্লি সালাত আদায় করেছেন। 

রাসুলুল্লাহ (সা.)-এর রওজা মোবারক সংলগ্ন জান্নাতের টুকরো হিসেবে পরিচিত রিয়াজুল জান্নাতে ইবাদতের সুযোগ পেয়েছেন ৫ লাখ ৭৯ হাজার ১৯১ জন। এ ছাড়া প্রিয় নবীজি (সা.) ও তাঁর দুই সঙ্গীর কবরে সালাম পেশ করেছেন ১৭ লাখ ১৫ হাজার ৯২৮ জন দর্শনার্থী। বিপুল সংখ্যক এই মুসল্লিদের নিরাপত্তা ও আরামদায়ক ইবাদত নিশ্চিত করতে সৌদি প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

প্রতিটি বিভাগ সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতার সঙ্গে কাজ করছে যাতে দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন থাকে। রমজানকে কেন্দ্র করে মুসলিম উম্মাহর গভীর আবেগ ও আকর্ষণের কারণেই দুই পবিত্র মসজিদে এবার মুসল্লিদের এমন রেকর্ড উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বলে মনে করছে কর্তৃপক্ষ।