শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

ঈদুল আজহার সুন্নত আমল

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৪, ২০২৬, ০৭:২৩ পিএম

ঈদুল আজহার সুন্নত আমল

কোরবানি আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি প্রধান ইবাদাত। ঈদুল আজহার দিনটিকে ঘিরে রয়েছে রাসুল (সা.)-এর বেশকিছু বিশেষ সুন্নত ও আমল। মদিনায় দশ বছরের প্রবাস জীবনে নবীজি (সা.) প্রতি বছরই কোরবানি করেছেন।সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করা নবীজির মতে কাম্য নয়।

ঈদের দিন সকালে উত্তমভাবে গোসল করে পরিষ্কার-পরিচ্ছন্নতা অর্জন করা সুন্নত। সাধ্যমতো নিজের সংগ্রহে থাকা সবচেয়ে ভালো পোশাকটি পরে ঈদগাহে যাওয়া উচিত। ঈদগাহে যাওয়ার সময় এবং ইমাম আসার আগ পর্যন্ত সশব্দে তাকবির পাঠ করা গুরুত্বপূর্ণ আমল। 

সাহাবায়ে কেরাম ঈদের দিন সাক্ষাৎকালে ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’ বলে সৌজন্য বিনিময় করতেন।ফিরতি পথে ভিন্ন রাস্তা দিয়ে বাড়ি ফেরা নবীজির রীতি ছিল।

ঈদের আনন্দ ভাগ করে নিতে এতিম ও দরিদ্রদের খাবার খাওয়ানো এবং তাদের নতুন পোশাকের ব্যবস্থা করা উচিত। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীর খোঁজখবর নেওয়া এবং অতীতের সব মনোমালিন্য ভুলে সম্পর্ক সুদৃঢ় করাও এই দিনের অন্যতম ফজিলতপূর্ণ কাজ। সুষ্ঠু বিনোদনের মাধ্যমে আনন্দ প্রকাশ করাও ইসলামের শিক্ষা।