বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

সন্ধ্যার মধ্যে দেশের ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৬, ২০২৬, ১১:৩২ এএম

সন্ধ্যার মধ্যে দেশের ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

আজ সন্ধ্যার মধ্যে দেশের ছয় জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এসব অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে এই ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ইতিমধ্যে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করেছে আবহাওয়া দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির ওপর ভিত্তি করে নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।