মে ১৪, ২০২৬, ০২:৩৩ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে মৎস্যখাতে উৎপাদন বৃদ্ধি ও খামারিদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের উদ্যোগে গত বৃহস্পতিবার সকালে এই কর্মশালার আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা মোট ৬০ জন মৎস্য চাষী এই কর্মসূচিতে সরাসরি অংশ নেন।
দিনব্যাপী এই কর্মসূচিতে মূলত আধুনিক ও লাভজনক মাছ চাষের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বীরগঞ্জ ব্র্যাক ফিসারিজ হেচারি ম্যানেজার আশরাফুল ইমরানের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
ব্র্যাক ফিসারিজের দিনাজপুর সেলস অফিসার আলি হাফেজ আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফজল ইবনে কাওসার। এছাড়া প্রশিক্ষণ পর্বে উপজেলা মৎস্য বীজ উৎপাদন কেন্দ্রের খামার ব্যবস্থাপক মোঃ সামসুজ্জামানও উপস্থিত চাষীদের মাছ চাষের বৈজ্ঞানিক নিয়মাবলী শেখান।
প্রশিক্ষণে পুকুরের সঠিক প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, উন্নতমানের পোনা নির্বাচন ও মজুদ সুষম খাদ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। মাছের বিভিন্ন রোগ প্রতিরোধ ও সঠিক চিকিৎসা বিষয়ে চাষীদের প্রাক-তাত্ত্বিক ধারণা দেওয়া হয়। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার যেমন প্রোবায়োটিক প্রয়োগ, এয়ারেটরের ব্যবহার এবং তথ্যপ্রযুক্তি নির্ভর পানি ব্যবস্থাপনা সম্পর্কে অংশগ্রহণকারীদের সরাসরি হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এই পর্বে শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও গ্রামের সফল মৎস্যচাষী মোঃ সাইফুল ইসলাম উপস্থিত থেকে নিজের দীর্ঘ অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন।
প্রশিক্ষণ কর্মশালার বিভিন্ন ধাপে কুইজ প্রতিযোগিতা ও উন্মুক্ত আলোচনা পর্বে চাষীরা অত্যন্ত সক্রিয়ভাবে অংশ নিয়ে নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরেন। দিনব্যাপী এই সফল কর্মসূচি শেষে অংশগ্রহণকারী সকল চাষীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদ বিতরণ করা হয়। দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম চালু রাখার মাধ্যমে মৎস্যচাষীগণ অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন