শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

ছাত্র আন্দোলনে হামলার মামলায় ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফাহিম হোসেন রিজু

ডিসেম্বর ১৮, ২০২৫, ০৫:০৯ পিএম

ছাত্র আন্দোলনে হামলার মামলায় ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলা ও সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং ৪ নম্বর ঘোড়াঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হারুনুর রশিদ (৩৮) এবং পৌর আওয়ামী লীগের সদস্য ও সাবেক কাউন্সিলর কাজী কাদের (৬০)।

হারুনুর রশিদ ইউনিয়নের পাঁটশাও এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং কাজী কাদের পৌর শহরের নূরজাহানপুর এলাকার বাসিন্দা।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট পৌর শহরের চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় গত ২৪ আগস্ট ঘোড়াঘাট থানায় একটি নাশকতার মামলা দায়ের করা হয়। মামলার দীর্ঘ তদন্ত ও প্রাথমিক প্রমাণের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হলো।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ছাত্র আন্দোলনের সময় হামলা ও পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগে দায়ের হওয়া মামলায় সম্পৃক্ততা পাওয়ায় তাঁদের আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃতদের দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।