শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

বিরলে ১০০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

আতিউর রহমান

ডিসেম্বর ১৮, ২০২৫, ০৫:২০ পিএম

বিরলে ১০০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরলে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সুফলভোগীদের মাঝে ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে বিরল উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই বিতরণ কর্মসূচি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মোঃ আব্দুল হাই সরকার।

বিরল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুর রহিম এবং উপপ্রকল্প পরিচালক (ডিটিএলপি) ডা. মোঃ আনোয়ার শাহাদাত।

মতবিনিময় সভা শেষে প্রকল্পের আওতায় ১০০ জন সুফলভোগীর মাঝে প্রত্যেককে ২টি করে ছাগল, ২৫ কেজি উন্নতমানের খাবার এবং ৫টি করে ফ্লোরমেট বিতরণ করেন অতিথিবৃন্দ।সভায় জানানো হয়, এর আগে এই প্রকল্পের মাধ্যমে বিরল উপজেলার অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে ৪২ জনকে ৮৪টি ষাঁড় বাছুর, ৪২ জনকে ৮৪টি বকনা বাছুর, ২৩৭ জনকে ৪৭৪টি ভেড়া, ২৭০ জনকে ৫৪০০টি মুরগী এবং ২৯৬ জনকে ৫৯২০টি হাঁস বিতরণ করা হয়েছে। পাশাপাশি তাদের গবাদি পশু ও হাঁস-মুরগি পালনে প্রয়োজনীয় প্রশিক্ষণও প্রদান করা হয়েছে।

ভেটেরিনারী সার্জন ডা. মোঃ আখতারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছাঃ শাহিনা বেগম এবং বিরল উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোছাঃ সৌদিয়া আকতার বানুসহ স্থানীয় উপকারভোগীরা।