আতিউর রহমান
ডিসেম্বর ২০, ২০২৫, ০৪:১৫ পিএম
ছবি-দিনাজপুর টিভি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা শরীফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দিনাজপুরের বিরলে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর দুইটায় বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় ইমামতি করেন বিরল উপজেলা জামায়াতের আমীর হাফেজ মোঃ আব্দুর রশীদ। এতে উপজেলা জামায়াতের সেক্রেটারি আজমীর হুসাইন, ৫নং বিরল ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুজ্জামান বাদল।
৪নং শহরগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিমুল ইসলাম, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমুল ইসলাম এবং গণঅধিকার পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল বারিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, "শহীদ শরীফ ওসমান হাদির সাহসিকতা ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে তাঁর অকুতোভয় অবস্থান আমাদের জন্য চিরকাল অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর দেখানো পথে চলেই আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার সংগ্রাম চালিয়ে যাব।
বক্তারা এ সময় জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নে কোনো ধরনের আপস না করার প্রত্যয় ব্যক্ত করেন।জানাজা শেষে শরীফ ওসমান হাদি ও জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো সকল শহীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।