বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে কনকনে শীতে গরম পিঠার স্বাদে শীতের উষ্ণতা

মো. আরিফ ইসলাম

ডিসেম্বর ২৮, ২০২৫, ১০:৫১ এএম

বীরগঞ্জে কনকনে শীতে গরম পিঠার স্বাদে শীতের উষ্ণতা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে হাড়কাঁপানো শীত আর ঘন কুয়াশার মাঝে এক চিলতে উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা। প্রচণ্ড শীত উপেক্ষা করে সন্ধ্যা থেকে গভীর রাত এবং সাত সকালেও বীরগঞ্জের মোড়ে মোড়ে জমে উঠছে ভ্রাম্যমাণ পিঠার দোকান।

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে বীরগঞ্জ পৌর শহরের স্লুইসগেট বাজারে গিয়ে দেখা যায়, পিঠা বিক্রেতা মালেকা বেগমের দোকানে উপচে পড়া ভিড়।

মাটির চুলার ধোঁয়া আর গরম পিঠার সুবাসে ক্রেতারা মুগ্ধ। শুধু স্লুইসগেট বাজারই নয়, পৌর শহরের বাসস্ট্যান্ড, তিন রাস্তার মোড় এবং বাজার এলাকার সড়কগুলোতেও বসেছে অসংখ্য অস্থায়ী পিঠার দোকান।

এসব দোকানে চিতই, ভাপা, পাটিসাপটা, দুধ চিতই ও তেলের পিঠাসহ নানা পদের শীতকালীন পিঠা বিক্রি হচ্ছে।পিঠা বিক্রেতা মালেকা বেগম জানান, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে পিঠার চাহিদাও বেড়েছে। দৈনিক আয় ভালো হওয়ায় তিনি খুশি। ক্রেতারা জানান, শীতের সকালে বা সন্ধ্যায় ধোঁয়া ওঠা গরম পিঠা খাওয়ার মজাই আলাদা। বিশেষ করে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে আগুন পোহানো আর গরম পিঠা খাওয়ার এই ঐতিহ্য বীরগঞ্জের মানুষ পরম মমতায় ধরে রেখেছেন।

শীতের তীব্রতায় সাধারণ জনজীবন কিছুটা স্থবির হয়ে পড়লেও, বীরগঞ্জের এই পিঠার দোকানগুলো যেন মানুষের যাপিত জীবনে কিছুটা উষ্ণতা আর আনন্দের উৎস হয়ে দাঁড়িয়েছে।