মো:মামুনুর রশিদ
ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০২:১২ পিএম
ছবি-দিনাজপুর টিভি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে দিনাজপুরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প। নির্বাচনের দিন জেলার ৮৪৪টি ভোটকেন্দ্রে ড্রোনের মাধ্যমে নজরদারিসহ বিশেষ টহল টিম মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের দিনাজপুর একাডেমি স্কুল ভোটকেন্দ্র পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-১৩ এর স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবীর।
ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচনের দিন নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের ১২টি মোবাইল টহল দল সার্বক্ষণিক মাঠে থাকবে। পাশাপাশি যেকোনো বড় ধরনের নাশকতা বা পরিস্থিতি মোকাবিলায় একটি বিশেষ বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা নিয়োজিত থাকবেন। আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি করা হবে।
স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবীর বলেন, "আমরা পুরো জেলার ঝুঁকি পর্যালোচনা করে নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি। র্যাবের আধুনিক কন্ট্রোল রুম থেকে প্রতিটি টহল দলের লাইভ লোকেশন পর্যবেক্ষণ করা হবে। এছাড়া অনলাইন প্ল্যাটফর্মে গুজব ও অপতথ্য প্রতিরোধে আমাদের মিডিয়া সেল এবং সাইবার মনিটরিং টিম সক্রিয় থাকবে।
তিনি আরও জানান, ভোটাররা যাতে কোনো প্রকার বাধা ছাড়াই কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য র্যাব প্রতিজ্ঞাবদ্ধ। কোনো দুষ্কৃতকারী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।প্রেস ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এবং মো. মনোয়ার হোসেন চৌধুরীসহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।