মার্চ ৯, ২০২৬, ০২:৪৫ পিএম
দিনাজপুরে সীমান্ত সুরক্ষা ও মাদক নির্মূলে ৪২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এক সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল ও মদ উদ্ধার করেছে। সোমবার (৯ মার্চ) ভোর রাতে বিরল উপজেলার সীমান্ত এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। বিজিবির সক্রিয় উপস্থিতিতে পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক ৩টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর বিওপি’র একটি চৌকস টহল দল চোরাচালান বিরোধী অভিযানে নামে।
বিরল উপজেলার মেড়াগাঁও এলাকায় সীমান্ত পিলার ৩২৩/৮-এস হতে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তল্লাশি চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ২৮ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৫১ হাজার ২০০ টাকা বলে বিজিবি নিশ্চিত করেছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এই অভিযানের বিষয়ে জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে পাচারকার্যে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্ত অপরাধ দমনে এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে তিনি উল্লেখ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন