মার্চ ১৩, ২০২৬, ১১:০৮ পিএম
দিনাজপুরের বিরলে আকস্মিক ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কাঁচা ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে হঠাৎ এই শক্তিশালী ঘূর্ণিঝড় উপজেলার বেশ কয়েকটি এলাকায় আঘাত হানে। মাত্র কয়েক মিনিটের এই তাণ্ডবে জনপদ লণ্ডভণ্ড হয়ে যায়।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে প্রচণ্ড বাতাস ও শিলাবৃষ্টি শুরু হলে মুহূর্তের মধ্যে সবকিছু তছনছ হয়ে যায়। ঝড়ের তীব্রতায় অনেকের বসতবাড়ির ওপর বিশাল গাছ উপড়ে পড়েছে। রাস্তার ধারের বড় বড় গাছ উপড়ে পড়ে বেশ কিছু জায়গায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ির টিনের চালা উড়ে গিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে পরিবারগুলো।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আম, লিচু ও কাঁঠাল বাগানের। মুকুল ও কচি ফলে ভরা গাছগুলো ভেঙে বা উপড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন বাগান মালিক ও কৃষকরা। এছাড়া বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি উপড়ে ও তার ছিঁড়ে যাওয়ায় রাত থেকেই পুরো উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ক্ষয়ক্ষতি কাটিয়ে পুনরায় সরবরাহ স্বাভাবিক করতে কাজ শুরু হয়েছে।
স্থানীয়রা দ্রুত এই ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন। ঝড়ে আহত হওয়ার সুনির্দিষ্ট খবর পাওয়া না গেলেও সম্পদের যে বিশাল ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন