মে ১, ২০২৬, ১২:২২ পিএম
দিনাজপুরের ঘোড়াঘাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকালে ঘোড়াঘাট থানা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- রাজ ১২৮৯) উদ্যোগে একটি বিশাল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা লাল ও কমলা রঙের টি-শার্ট পরে জড়ো হতে থাকেন। পরে একটি র্যালি বের করা হয় যা রানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে ইউনিয়নের বিপুল সংখ্যক শ্রমিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও উপজেলা বিএনপির ক্ষুদ্র সমবায় সম্পাদক মো. মাহফুজার রহমান (মাহফুজ)। সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার এবং যথাযথ মজুরি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। মে দিবসের মূল লক্ষ্য বাস্তবায়নে নিম্ন আয়ের এই খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানানো হয়।
সংগঠনের নেতারা বলেন, রিকশা ও ভ্যান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে যেকোনো ধরনের হয়রানি বন্ধে তাঁদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠানে ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন