শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

কোরবানির ঈদ মাতাতে প্রস্তুত বীরগঞ্জের মনিরুলের ষাঁড়

মোঃ আরিফ ইসলাম

মে ১৫, ২০২৬, ০৯:১৫ পিএম

কোরবানির ঈদ মাতাতে প্রস্তুত বীরগঞ্জের মনিরুলের ষাঁড়

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় কোরবানির ঈদকে সামনে রেখে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। এরই মধ্যে উপজেলার ১ নং শিবরামপুর ইউনিয়নের মুরারিপুর কাচারিপাড়া গ্রামের খামারি মো. মনিরুল ইসলাম তার বিশালাকৃতির ষাঁড় দিয়ে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

খামারি মনিরুল ইসলাম জানান, তিনি এবারের কোরবানির ঈদ উপলক্ষে মোট ৫টি ষাঁড় প্রস্তুত করেছেন। এর মধ্যে একটি গরুর ওজন প্রায় ৭০০ কেজি, যা দেখতে প্রতিদিনই আশপাশের মানুষ ভিড় করছেন। গরুগুলো সুস্থ ও আকর্ষণীয় করে তুলতে তিনি নিয়মিত পরিচর্যা করছেন।

তিনি আরও জানান, একটি গরুর পেছনে প্রতিদিন প্রায় ৩৫০ টাকা খরচ হচ্ছে। গরুগুলোকে খাওয়ানো হচ্ছে খড়, ভুসি, দানাদার খাবার, তরল খাবার, ভুট্টা দানা এবং বিভিন্ন ধরনের কাঁচা ঘাস। সঠিক খাবার ও যত্নের মাধ্যমে গরুগুলো দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

মনিরুল ইসলাম প্রতিবেদককে বলেন, অনেক পরিশ্রম করে গরুগুলো লালন-পালন করেছি। এবার কোরবানির পশুর বাজারে দাম ভালো থাকলে একটি গরু পাঁচ লাখ টাকা পর্যন্ত বিক্রি করার আশা করছি।

স্থানীয়রা জানান, মনিরুল ইসলামের খামারের গরুগুলো দেখতে প্রতিদিনই উৎসুক মানুষ ভিড় করছেন। কোরবানির ঈদকে সামনে রেখে এমন বড় আকৃতির গরু এলাকায় বেশ সাড়া ফেলেছে।