শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

বিএনপি পালানোর দল নয়, মাঠে থেকে প্রতিহত করার ইতিহাস: ডা. জাহিদ

ফাহিম হোসেন রিজু

জুলাই ১৭, ২০২৬, ০৬:৪৪ পিএম

বিএনপি পালানোর দল নয়, মাঠে থেকে প্রতিহত করার ইতিহাস: ডা. জাহিদ

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

বিএনপির ইতিহাস কখনো পালিয়ে যাওয়া কিংবা আত্মসমর্পণের ইতিহাস নয়, বরং জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থেকে ফ্যাসিবাদ প্রতিহত করার ইতিহাস। এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা বা কোনো গণ-অভ্যুত্থানকে ব্যক্তিগত বা দলীয় সম্পদ মনে করে কুক্ষিগত করার চেষ্টা যারা করেছে, ইতিহাস তাদের ক্ষমা করেনি।শুক্রবার দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন ও বিনামূল্যে গাছের চারা, শাক-সবজির বীজ এবং রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা আমাদের সর্বোচ্চ অর্জন। এরপরে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী গণ-আন্দোলন এবং সর্বশেষ চব্বিশের গণ-অভ্যুত্থান। বিগত ১৭ বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে গত বছরের ১৬ জুলাই আবু সাঈদের শাহাদাতবরণের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আবু সাঈদের বুকের তাজা রক্তের বিনিময়েই আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে এবং ৫ই আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয় অর্জিত হয়। এটি দেশের সকল মানুষের অর্জন, কোনো একক ব্যক্তি বা দলের নয়।

আওয়ামী লীগের সমালোচনা করে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, যখনই যে দল দেশের স্বাধীনতাকে নিজেদের অর্জিত সম্পদ মনে করেছে, তাদের পালিয়ে যেতে হয়েছে। যারা চব্বিশের গণ-অভ্যুত্থানকে কুক্ষিগত করতে চেয়েছিল, দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। গত ১২ই ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষে রায় দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিএনপি এককভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না জানিয়ে ডা. জাহিদ বলেন, আমরা ছোট বা বড় সবাইকে সঙ্গে নিয়ে চলতে চাই। দেশের মানুষ যা চায়, তা-ই হবে। তাই সরকারি ও বিরোধী দল সবাই মিলে আলাপ-আলোচনার ভিত্তিতে দেশের কল্যাণে এ বছর ৯ লক্ষ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।

তিনি রাজনৈতিক সহকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, শহীদ জিয়ার নেতৃত্বে গড়ে ওঠা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেত্রীর দল বিএনপিকে ভয় দেখিয়ে লাভ নেই। ঐক্যের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, যারা ফাটল সৃষ্টি করার চেষ্টা করছেন, তারা সফল হবেন না। বাংলাদেশকে কোনো অবস্থাতেই বিপদের সম্মুখীন করা যাবে না।ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।