জুলাই ২৯, ২০২৬, ০৬:৫৩ পিএম
দিনাজপুরের বিরলে হাজার হাজার ছাত্র-জনতার অংশগ্রহণে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি ও জনসচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা সদরে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে মিলিত হয়। পরে সেখানে আয়োজিত জনসচেতনতা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
বিরল উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, বিরল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক রফিকুল ইসলাম, বিরল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতিউর রহমান, আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুজ্জামান মিলন এবং বিরল উপজেলা জমঈয়তের সভাপতি মুফতি ফয়সাল রশিদী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঁচ নম্বর বিরল ইউনিয়ন যুবদলের সভাপতি মামুনুর রশীদ।
সমাবেশে প্রধান অতিথি আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বিরল উপজেলাকে মাদকমুক্ত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মাদক ছাড়তে হবে, অন্যথায় বিরল ছাড়তে হবে। যারা মাদকের কারবার করেন, তাদেরকে অবিলম্বে মাদক ছেড়ে ভালো কাজে যুক্ত হতে হবে। ভালো কাজে ফিরে আসার জন্য তাদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। তবে যারা মাদকের কারবার চালিয়ে যাবেন, তাদেরকে কঠোরভাবে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন