জুলাই ৩০, ২০২৬, ০৮:৩০ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সাংগঠনিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে একটি সামষ্টিক ভোজ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাতোর ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় এই আয়োজন সম্পন্ন হয়।সকালে পবিত্র কুরআন তিলাওয়াত ও দারসুল কুরআনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।শুক্রবার সকাল আটটায় বীরগঞ্জ উপজেলার নয় নম্বর সাতোর ইউনিয়নের বিভিন্ন এলাকার নেতাকর্মী ও শ্রমিকদের উপস্থিতিতে এই সামষ্টিক ভোজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মো. মঞ্জুরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. হামিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সাতোর ইউনিয়ন আমির মো. আমির হামযা এবং ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো. নাসির উদ্দীন সরকার সোহেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতোর ইউনিয়ন শাখার সভাপতি মো. আব্দুল মালেক এবং পুরো অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন শাখার সেক্রেটারি আব্দুল ওয়াকিল।বক্তারা তাদের বক্তব্যে বলেন, ইসলামী শ্রমনীতির সঠিক অনুসরণের মাধ্যমে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নৈতিকতার বিকাশ এবং সাংগঠনিক ঐক্য জোরদার করতে হবে।
পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির কোনো বিকল্প নেই উল্লেখ করে তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরবর্তীতে উপস্থিত অতিথিবৃন্দ, নেতাকর্মী ও সাধারণ সদস্যরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সামষ্টিক ভোজে অংশগ্রহণ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন