শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

বিরলে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা

আতিউর রহমান

আগস্ট ১৬, ২০২৬, ১২:৪৫ পিএম

বিরলে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বিরলে ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত চলা এই কর্মসূচির আওতায় উদ্বোধনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মৎস্য পক্ষের শুভ সূচনা করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল এমরান, কৃষি অফিসার রুম্মান আক্তার, উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন এবং উপজেলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদসহ অন্যান্যরা।আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, মৎস্যচাষে সফলতা অর্জনের মাধ্যমে এলাকার বেকারত্ব দূর করা সম্ভব। তবে মানবদেহের জন্য ক্ষতিকর কোনো উপাদান ব্যবহার করে অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করা থেকে বিরত থাকার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। 

তিনি আরও উল্লেখ করেন, দেশের উন্নয়নে সবাইকে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় তিনজন সফল চাষিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপর মির্জাপুর আনসার ও ভিডিপি সমবায় উন্নয়ন সমিতির পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন প্রধান অতিথি।