আগস্ট ১৭, ২০২৬, ০৩:০২ পিএম
দিনাজপুরের ঘোড়াঘাটে এক হাজার ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার কুলানন্দপুর এলাকার করতোয়া নদীর বিশ্বনাথের ঘাট চর থেকে স্থানীয় মাদক ও জুয়া নির্মূল কমিটির সহায়তায় তাদের আটক করা হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কবলীপাড়া গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম এবং একই গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. শাকিল মিয়া। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য তিন লাখ একচল্লিশ হাজার একশ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, করতোয়া নদীর চরের নৌকায় বসে মাদক কেনাবেচা চলছে—এমন গোপন সংবাদ পেয়ে কুলানন্দপুর মাদক ও জুয়া নির্মূল কমিটির সদস্যরা সেখানে অভিযান চালান। স্থানীয় যুবসমাজের গড়া এই কমিটির তৎপরতায় দুই কারবারিকে হাতেনাতে আটক করা হয়। পরে খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আসামিদের দেহ তল্লাশি করে গোলাপি রঙের এক হাজার ১৩৭ পিস ইয়াবা উদ্ধার করে।
মাদক নির্মূল কমিটির সভাপতি মো. মোর্শেদ আলম জানান, এলাকাকে অপরাধমুক্ত রাখতে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছেন। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন