জুলাই ১৫, ২০২৬, ০৩:৩১ পিএম
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)। এ ঘটনায় ইকবাল হোসেন (৪৩) নামে এক ব্যক্তিকে মাদক কারবারের অভিযোগে আটক করা হয়েছে।বুধবার সকালে র্যাব-১৩ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আটক ইকবাল হোসেন উপজেলার সিংড়া ইউনিয়নের দক্ষিণ দেবীপুর গ্রামের ইমান আলীর ছেলে।
র্যাব জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নুরপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ইকবাল হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৬০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি র্যাবের। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যে তার কাছে মজুত রাখা হয়েছিল।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী পদক্ষেপের জন্য আটক ইকবাল হোসেন ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব-১৩ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে সরকারের ঘোষিত `জিরো টলারেন্স` নীতি বাস্তবায়নে গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন