শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

৫৪ জেলায় ডিলার নেবে টিসিবি, আবেদন করবেন যেভাবে

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১০, ২০২৬, ০৯:১৪ পিএম

৫৪ জেলায় ডিলার নেবে টিসিবি, আবেদন করবেন যেভাবে

দেশের ৫৪টি জেলায় ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রোববার (১০ মে) থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫ মে পর্যন্ত। গত ৩০ এপ্রিল টিসিবির অতিরিক্ত পরিচালক (সিএমএস ও বিওবি) মো. আনিছুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিলার হতে আগ্রহীদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি, ডাকযোগে কিংবা কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনকারীকে আবেদন ফি বাবদ ৫ হাজার টাকা জমা দিতে হবে, যা অফেরতযোগ্য। এই অর্থ অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘এক-পে’ (Ekpay)-এর মাধ্যমে পরিশোধ করার নির্দেশনা দিয়েছে টিসিবি।দেশের মোট ৫৪টি জেলার প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। 

এই তালিকায় থাকা জেলাগুলো হলো— ঢাকা, দিনাজপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গাজীপুর, ঝিনাইদহ, যশোর, মাগুরা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, খুলনা, নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা, পিরোজপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, লালমনিরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি ও ঠাকুরগাঁও।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, উল্লেখিত জেলাগুলোর নির্দিষ্ট উপজেলার সিটি করপোরেশন ওয়ার্ড, পৌরসভা ও ইউনিয়নে ডিলারের শূন্য আসনে এই আবেদন গ্রহণ করা হবে। বর্তমানে যে সকল এলাকায় ডিলার পদ শূন্য রয়েছে, সেখানে পর্যায়ক্রমে অনলাইনের মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

আগ্রহী প্রার্থীদের বিস্তারিত তথ্য জানার জন্য ও আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে টিসিবির অফিশিয়াল ওয়েবসাইট (www.tcb.gov.bd) দেখার জন্য অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়সীমা অর্থাৎ ২৫ মে’র পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে।